দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একই মসজিদে টানা ৫৬ বছর ইমামতির দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার দারিয়াকান্দা গ্রামের মজিদ মণ্ডল বাড়ির জামে মসজিদের প্রবীণ ইমাম হাফেজ আব্দুল কদ্দুসকে পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন স্থানীয় মুসল্লি, প্রবাসী ও এলাকাবাসী।
গত ৫ আগস্ট সম্মিলিত উদ্যোগে তাকে সৌদি আরবের উদ্দেশে বিদায় জানানো হয়। এ সময় মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও গ্রামবাসীর উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিতরা তার সুস্থভাবে উমরাহ পালন এবং নিরাপদে দেশে ফেরার জন্য দোয়া করেন।
স্থানীয় মুসল্লি একে এম ফজলুল হক জানান, তরুণ বয়সে ইমামতির দায়িত্ব নেওয়ার পর থেকে হাফেজ আব্দুল কদ্দুস নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নামাজে ইমামতি ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে শিশুদের কোরআন শিক্ষা, ইসলামী মূল্যবোধের চর্চা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন।
মুসল্লিদের ভাষ্য, পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালনে কখনো অবহেলা করেননি। অসুস্থতা কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যথাসম্ভব মসজিদে উপস্থিত থেকে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তার বিনয়, ধর্মীয় জ্ঞান ও মানবিক আচরণের কারণে তিনি এলাকাবাসীর শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছেন।
উদ্যোক্তাদের অন্যতম ফরিদ আহমেদ লালু ও আশরাফুল ইসলাম বলেন, হাফেজ আব্দুল কদ্দুস জীবনের ৫৬ বছর আল্লাহর ঘরে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার এই দীর্ঘ অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এলাকাবাসীর উদ্যোগে তাকে উমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে।
বিদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে হাফেজ আব্দুল কদ্দুস এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ১৯৭১ সাল থেকে তিনি এই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। এমন সম্মান পাবেন, তা কখনো কল্পনা করেননি। পবিত্র ভূমিতে গিয়ে দেশ, জাতি এবং এলাকাবাসীর জন্য দোয়া করবেন বলেও জানান তিনি।
স্বজনদের ভাষ্য, একজন ধর্মীয় নেতার দীর্ঘদিনের নিষ্ঠা ও সেবার স্বীকৃতিস্বরূপ এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অন্যদেরও ভালো কাজের স্বীকৃতি দিতে উৎসাহিত করবে।
যে আই